আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ের পর উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় সকাল থেকেই শোনা গেছে ‘মেসি মেসি’ স্লোগান। প্রিয় দলের জয় উদ্‌যাপনে রাস্তায় নেমে আসেন শত শত সমর্থক।

বুধবার (১৭ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন তারা। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার জয়কে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

আর্জেন্টিনা সমর্থক মালিহা বলেন, ‘গতকাল রাত থেকে অনেকেই ধারণা করেছিলেন আর্জেন্টিনা হয়তো অন্য দলগুলোর মতো ড্র করতে পারে। কিন্তু মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়ার রক্ষণ ভেঙে গেছে।’

তিনি আরও বলেন, ‘আজ আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি এবারের বিশ্বকাপও মেসির হাতেই উঠবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘মেসিকে কেন ফুটবলের জাদুকর বলা হয়, সেটা তিনি আবারও প্রমাণ করেছেন। আর্জেন্টিনা আজ যেভাবে নান্দনিক ফুটবল খেলেছে, সেই ধারাবাহিকতা রাখতে পারলে দলটি এবারও বড় কিছু করতে পারবে।’

মেসির অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের আনন্দে ভাসিয়েছে, তেমনি বিশ্বকাপের শুরুতেই শিরোপা ধরে রাখার প্রত্যাশাও আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের।