নাটোরে ‘জুলাই গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় ১১ দলের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি।

জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জুলাই শহীদ আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম এবং জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান মাহতাবি সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতনের পরই সংগঠিত হয়েছিল এই জুলাই গণ-অভ্যুত্থান। জনগণের সাথে তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী বর্তমান সরকারকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে হাজারো শহীদের সাথে বেঈমানি করা হবে; দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।"

তারা আরও বলেন, "আমাদের কণ্ঠ বর্তমান সরকারের বিরুদ্ধে নয়, বরং যারা আওয়ামী সরকারের মতো আচরণ করছে তাদের বিরুদ্ধে। যে সরকারই ফ্যাসিবাদের পথ বেছে নেবে, জনগণ তাদেরও অতীতের মতো বিদায় করবে।"