গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভায় নগরীর উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, নাগরিক সেবার মানোন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (২৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানাসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি), রাজস্ব আহরণ, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনা এবং নগর পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী দ্রুত, আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, কর্পোরেশনের সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন হয় এবং নাগরিকরা দ্রুত ও সহজে কাঙ্ক্ষিত সেবা পান। তিনি সুশাসন, স্বচ্ছতা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়মিত তদারকি, রাজস্ব আহরণ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নগরীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।