বগুড়ার আদমদীঘি উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুল দখল এবং লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন স্কুল প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১১ টায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য রেনুকা ও জাহানারা। লিখিত বক্তব্যে তারা জানান, ২০১৬ সালে তাদের ভাই মরহুম মো. বুলবুল ফারুক আদমদীঘিতে ‘বিদ্যাবীথি মডেল স্কুল’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই স্কুলটি এলাকায় সুনাম অর্জন করে। পরবর্তীতে কিন্ডারগার্টেন নীতিমালার আলোকে পাঠদানের অনুমতির জন্য আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মোহিত তালুকদারকে সভাপতি করে পরিচালনা কমিটি গঠন করা হয় এবং স্কুলের নামে দুটি ব্যাংক হিসাব খোলা হয়। তারা দাবি করেন, পরিচালনা কমিটি গঠন করা হলেও স্কুলটি বুলবুল ফারুকের ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়ে আসছিল। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি বুলবুল ফারুকের মৃত্যুর পর স্কুলটি নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়। তার কোনো সন্তান না থাকায় ইসলামী শরিয়ত অনুযায়ী মা ও ভাই-বোনরাই বৈধ ওয়ারিশ বলে উল্লেখ করেন তারা।

সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোহিত তালুকদার ও তার ছোট ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা) স্কুলের হিসাব রক্ষককে ভয়ভীতি দেখিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করেছেন এবং বর্তমানে স্কুলের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করছেন।

তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক সম্পত্তি ও আর্থিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে তারা বলেন, স্কুলটি দখলমুক্ত না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা স্কুলের অর্থ ও সম্পদ উদ্ধারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটি দখলমুক্ত করার দাবি জানান।