জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাওনা চৌরাস্তায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমীর মাওলানা জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হক, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাসউদ রানা এবং এনসিপির জেলা সম্পাদক আবু রায়হান মেজবাহ, আফজাল হোসাইন, কবির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।