কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মমিনুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩০০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ৪০ জন কৃষক পাবেন পেঁয়াজ (কন্দ), সার, বালাইনাশক ও সংরক্ষণ পাত্র। এছাড়া ১ হাজার ৮০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার এবং ৯৫০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, পলিথিন ও বালাইনাশক বিতরণ করা হবে।
এছাড়া ২৫ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার এবং নির্ধারিত উপকারভোগীদের মধ্যে মোট ৪ হাজার ৪৮০টি বৃক্ষের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, সরকারের কৃষি প্রণোদনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।