আগামী ১৮ জুলাই (শনিবার) বেলা ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

উক্ত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে বরিশাল বিভাগ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা দিয়েছেন। একই সাথে সমাবেশটি সার্বিকভাবে সফল করতে তিনি দক্ষিণাঞ্চলের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।