স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ মাদকবিরোধী সুধী সমাবেশ। সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'যারা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেবেন না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।'

একই সমাবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে বলেন, মাদক কারবারি বা চাঁদাবাজকে গ্রেপ্তারে কার্যকর তথ্য দিয়ে সহযোগিতা করে ধরিয়ে দিলে তথ্যদাতাকে এক লাখ টাকা এবং ছিনতাইকারীকে ধরতে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, অপরাধীদের কোনো পরিচয় নেই, সমাজকে নিরাপদ রাখতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

গাজীপুর মহানগরের বাসন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয় সুধীবৃন্দের উদ্যোগে এবং বাসন মেট্রো থানার সার্বিক সহযোগিতায় 'মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল' প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি এমপি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ মজিবুর রহমান এমপি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নেই। সমাজের প্রতিটি মানুষকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা ও নানা সামাজিক অপরাধ বেড়েই চলেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও অপরিহার্য।

সমাবেশে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মোঃ শওকত আলী, বাসনের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার বাবুল, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, মহানগর বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল,মোসলেমউদ্দিন চৌধুরী মুখা, মুফতি নাসিরউদ্দিন এবং মাওলানা লেহাজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম কালা,মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, আতাউর রহমান, প্রমুখ।

অনুষ্ঠানে বামন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত গাজীপুর গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।