২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৪১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করার পর আদালত তা আমলে নিয়ে এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল প্রসিকিউশন।

এ মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে মামলাটির বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, তদন্তে শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। তাদের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, যাতে বহু মানুষ নিহত ও আহত হন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হেফাজতে ইসলাম এ ঘটনার তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। তদন্ত শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করলে তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী কার্যক্রম ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।