রাত তখন গভীর। ঘুমে আচ্ছন্ন ছোট্ট দুটি শিশু। হঠাৎ চিৎকারে ভেঙে যায় নীরবতা। মুহূর্তের মধ্যেই তাদের চোখের সামনে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মা। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যান স্বামী। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা গ্রামের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার একটি ভাড়া বাসায়।

নিহত নাছিমা নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। জীবিকার প্রয়োজনে তিনি শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হওয়ায় কয়েক মাস আগে সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করেন। পরে স্বামী সাইদুর রহমান তার অবস্থান জেনে ওই বাসায় এসে ওঠেন।

স্বজনরা জানান, রোববার গভীর রাতে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁদছিল তার ১০ বছরের মেয়ে ও চার বছরের ছেলে। দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।