বাংলা একাডেমির সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট সাহিত্যিক, রাষ্ট্রচিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার (৫ জুলাই) এক শোকবার্তায় ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের অন্যতম প্রথিতযশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্য-সংস্কৃতির অগ্রপথিক। বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিতকরণে তাঁর অবদান ছিল অনন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও গঠনমূলক পরামর্শ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, সাহিত্য, শিক্ষা, দর্শন, রাষ্ট্রচিন্তা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রগতিশীল চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ ও আলোকিত ব্যক্তিত্বকে হারিয়েছে, যা দেশের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।