বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের সহকারী অনুষদ সদস্য ও কোর্স কো-অর্ডিনেটর জোনায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিসিকের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটে বেড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপণন কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা এবং টেকসই ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উদ্যোক্তা উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিসিককে ধন্যবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উদ্যোক্তা উন্নয়নে বিসিকের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে অমিও মণ্ডল বলেন বলেন,'দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।'