স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার (২৮ জুলাই) পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি নবনিযুক্ত ট্রেজারারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর নেতৃত্বে বাউবি নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে চার বছরের জন্য বাউবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রেড-২ অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে প্রথম শ্রেণিতে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার University of Southern Queensland থেকে এমবিএ এবং মালয়েশিয়ার Universiti Utara Malaysia (UUM) থেকে রিলেশনশিপ মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রায় আড়াই দশকের শিক্ষকতা ও প্রশাসনিক জীবনে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও কুইন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাউবিতে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের পরিচালক এবং সর্বশেষ অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি North South University, East West University ও Bangladesh University of Professionals (BUP)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গবেষণা অঙ্গনেও তিনি সুপরিচিত। রিলেশনশিপ মার্কেটিং, কনজ্যুমার বিহেভিয়ার, মাইক্রোফাইন্যান্স এবং Structural Equation Modelling (SEM) তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ব্যক্তিগত জীবনে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ১৯৭৪ সালের ৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী ড. আফিয়া আরাফাত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।