সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভারী বর্ষণ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। টানা এই বর্ষণের কারণে ঢাকার বহু সড়ক ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা চলমান কর্মদিবসে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে তুলেছে।

তবে ১৪ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে রাজধানীতে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। একই সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল হক জানান, চলতি মাসের ৫ জুলাইয়ের পর মাত্র চার দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অস্বাভাবিক। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতির পেছনে এল নিনোর প্রভাব থাকতে পারে। একই ধরনের আবহাওয়া বাংলাদেশ ছাড়াও ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।