আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,আগামী সেপ্টেম্বর মাসের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। তিনি আরও বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আগের রাষ্ট্রপতি মামলা নিয়ে এখনই মন্তব্য নয়।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গতকাল শুক্রবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে। একই সঙ্গে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিন অথবা তার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি।