সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে বর্তমান সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সাথে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল করবে জামায়াতে ইসলামী।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত ৩৬ জুলাই নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে সেলিম উদ্দিন বলেন, "জুলাই কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। " তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের এই গৌরবময় ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাই বিপ্লবকে ঘিরে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় বসার পর তারা তার সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন। সংবিধান সংস্কারের মতো মৌলিক জায়গা থেকে সরে এসে সরকার জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যকে ঝুঁকিতে ফেলেছে।

জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে...

১ থেকে ১০ জুলাই: গ্রাফিতি অঙ্কন।

১১ থেকে ১৬ জুলাই: শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

১৭ থেকে ৩০ জুলাই: শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী।

২৪ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ।

৩১ জুলাই: মসজিদে মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

১ থেকে ৪ আগস্ট: ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ।

৫ আগস্ট (৩৬ জুলাই): জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল।

সেলিম উদ্দিন আরও জানান যে, কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নেও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।