রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি প্রেস ব্রিফিং আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬:৩০টায় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ ব্রিফিংয়ে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ সময় বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিতব্য ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই জামায়াতের এই জরুরি ব্রিফিং আহ্বানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রপ্রধানের পদত্যাগ পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও দলের অবস্থান স্পষ্ট করবেন বিরোধীদলীয় নেতা।