গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যাবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করা এবং রংপুরকে কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলাসহ জনগণের দুর্ভোগ নিরসনের ৪ দফা দাবিতে আজ শনিবার দুপুর আড়াইটায় রংপুর জিলাস্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের এই মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন।

গতকাল শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ স্থলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম একথা জানান। তিনি এই মহাসমাবেশ অনুষ্ঠান সফল করতে নিবিড় তদারকি করছেন।

এ সময় মাওলানা হালিম জানান, মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অবঃ) ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও মুখপত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজার রহমান ইরান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ ১১ দলের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।

মাওলানা হালিম বলেন, জনগণের জুলাই বিপ্লবের প্রত্যাশা পুরনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট সারা দেশের ৮ বিভাগীয় শহর গুলোতে মহা সমাবেশ করছে। এরই অংশ ধারাবাহিকতায় আজ শনিবার রংপুরে জিলা স্কুল মাঠে এই বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর জেলা আমীর ও রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, কুড়িগ্রাম-১ ভুরুঙ্গামারী-নাগেশ্বরী আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জনিয়ারস এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, এনসিপির জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, জাগপার মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, এবি পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবার রহমানসহ স্থানীয় ১১ ঐক্যের জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন রংপুরে বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে মানুষের মনে আশার আলো জেগেছে। মহাসমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর কন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানকে প্রধান সমন্বয়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মহাসমাবেশ সফল করতে রংপুরনগরী এবং বিভাগ জুড়ে ব্যাপক মাইকিং, পোষ্টারিং, লিফলেট বিতরণ, ব্যানার টানানোসহ নগরীর সকল প্রবেশ দ্বার এবং প্রধান সড়কে দর্শনীয় তোরন নির্মাণ করা হয়েছে। মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে যে সকল ওয়াদা করেছিল, সরকার গঠনের পর সেসব ভুলে গেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন করে যাবো ইনশাল্লাহ।