বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. মো. শফিকুর রহমান এর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জাতীয় সংসদ ভবনস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। সাক্ষাতে ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।