রাজধানীর একটি কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস বিজনেসমেন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইবিডাব্লিউএফ)-এর জেলা-মহানগরী সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশের অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ডা. আনোয়ারুল আজীমের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে প্রায় সাড়ে তিন শতাধিক মহানগর ও জেলা সভাপতি, সেক্রেটারী এবং ব্যাবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে সংগঠনের অতীত কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যবসা উন্নয়ন, আইনি প্রক্রিয়া ও উদ্যোক্তা তৈরি বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। এর মধ্যে ব্যবসা উননয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গ্লোবাল এন্টারপ্লেনার নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে এম হাসান রিপন। ট্যাক্স, ভ্যাট ও কোম্পানী আইন বিষয়ে বিস্তারিত আইনি আলোচনা রাখেন এডভোকেট ইমতিয়াজুল ইসলাম এবং তরুণ ও নতুন উদ্যোক্তা তৈরীর উদ্যোগের নানাদিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সরোয়ার সাঈদ।

আলোচকগণ তাদের বক্তব্যে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়নতা, দক্ষতা ও বিচক্ষণতার আলোকে ব্যবসা পরিচালনার জন্য উপস্থিত ডেলিগেটদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক দায়িত্বও বটে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত পন্থায় ব্যবসা পরিচালনা করলে ব্যবসায় কখনো ব্যর্থতা আসে না এবং এতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রশিক্ষণ, গবেষণা ও আইটি সম্পাদক আমির মোঃ আমিনুর রহমান, তথ্য সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ইসিস সদস্য মোহাম্মদ রফিকুন নবী ও মোঃ আবু হুরায়রা, প্রচার সম্পাদক হামিদুর রহমান সোহাগ এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আইয়ুব আলী ফরাজী প্রমূখ।

সম্মেলনের শেষাংশে দেশের শিল্প ও বাণিজ্য খাতের সার্বিক অগ্রগতি এবং ব্যবসায়ীদের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।