জার্মানির রাজধানী বার্লিনে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটাল-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। সোমবার (১৩ জুলাই) ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের কাছে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননে হামলায় ব্যবহৃত অস্ত্র উৎপাদনের অভিযোগ তুলে রাইনমেটালের কার্যক্রমের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “রাইনমেটালের নতুন কারখানা নির্মাণ বন্ধ করতে হবে এবং ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। গণহত্যা বন্ধ করুন।”
এদিকে বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। পরে গ্রেটা থুনবার্গকে আটক করা হয় বলে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে।