বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে চীন অন্য কারো বা কোনো বহিরাগত পক্ষের হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বেইজিংয়ের এই সুদৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এই প্রকল্পে চীন তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দেবে। তিস্তা প্রকল্প নিয়ে ভূ-রাজনৈতিক টানাপোড়েন বা অন্য কোনো দেশের ভাবনা চীনের বিবেচ্য বিষয় নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা অন্য কোনো বিষয়ে তৃতীয় কোনো পক্ষের বা বহিরাগত হস্তক্ষেপ চীন একেবারেই সমর্থন করবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থার এক নতুন স্তর তৈরি হয়েছে এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ বা কানেক্টিভিটি জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে সরাসরি চীন-বাংলাদেশ সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি।