জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহৃত হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতারের কথা জানায় ডিবি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ‘গ্রেপ্তার হওয়া ফজলুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)। ২০১২ সালে সুখরঞ্জন বালীকে অপহরণের সময় ফজলুর রহমান ডিবি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতার করে।
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) আমাদের একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুইজিশনের ভিত্তিতে আমরা তাকে (এএসপি ফজলুর রহমান) গ্রেফতার করেছি। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় সুখরঞ্জন বালীকে কিডন্যাপের (অপহরণ) সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, ঘটনার সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগী সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামলে তাকে একটা থাপ্পড় মারেন ফজলুর। এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
উল্লেখ্য, সুখরঞ্জন বালী পিরোজপুরের বাসিন্দা। তিনি ২০১২ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালত চত্বর থেকেই নিখোঁজ হন। পরে জানা যায়, তাকে অপহরণ করে ভারতে পুশব্যাক করা হয়েছিল। এই ঘটনায় ভারতের একটি কারাগারে তাকে দীর্ঘ পাঁচ বছর বন্দিজীবন কাটাতে হয়। কারাগার থেকে মুক্তির পর দেশে ফিরে সুখরঞ্জন বালী এই অপহরণের বিচার দাবি করেন। গত ২০২৫ সালের ২২ আগস্ট তিনি নিজে বাদি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামী করা হয়। সেই মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবেই এবার তৎকালীন ডিবি কর্মকর্তা ফজলুর রহমানকে গ্রেপ্তার করল পুলিশ।