পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহামেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাশবাড়ী চৌমাথা মোড় ও এর আশপাশের প্রায় ৫০০ মিটার এলাকায় জনশৃঙ্খলা বিঘিœত হওয়ার আশঙ্কা থাকায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সভা-সমাবেশ, মিছিল, লাঠি, অস্ত্র বা আক্রমণাত্মক বস্তু বহন এবং শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় পূর্বে মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে জামায়াত নেতা সৈয়দ আবুল আলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ম-লকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। জামায়াত নেতা আশরাফুল ইসলামসহ অন্য আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের প্রভাব খাটিয়ে তার ভাগনে কাকন ও নিরন কতৃক ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী চৌমাথা মোড়ে জামায়াত বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে বিএনপিও কর্মসূচি ঘোষণা করলে সম্ভাব্য সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এদিকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জুনদহ বাজারে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রুহুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে জুনদহ বাজার, পলাশবাড়ী চৌমাথাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাফাদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।