গাজীপুর মহানগরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও ফলপ্রসূ করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার বলেন, দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা মোকাবিলায় গোয়েন্দা কার্যক্রমকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসমৃদ্ধ করতে হবে। মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত চক্র, হানি ট্র্যাপ, ভিসা জালিয়াতিসহ বিভিন্ন ধরনের জালজালিয়াতি, মাদক তৈরির কারখানা এবং ভেজাল মসলা, ভেজাল ওষুধসহ সকল ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিয়মিত, পরিকল্পিত ও ফলপ্রসূ অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস দমন আইন, জুয়া আইনসহ সম্প্রতি সংস্কার করা আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনার পাশাপাশি ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি।
পুলিশ কমিশনার আরও নির্দেশনা দেন, টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার রোধ, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ, স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা জোরদার করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ও টেকসই আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, গোয়েন্দা তথ্য সংগ্রহের কৌশল, আন্তঃসংস্থার সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের আস্থা বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা।