গাজীপুর মহানগরীর কড্ডা নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সোয়েটার লাইন বিডি লিমিটেড-এর মালিক ফিরোজ আহম্মেদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভ্রাম্যমাণ আদালতের আদেশে উল্লেখ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, দীর্ঘদিন ধরে কারখানাটি অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়, অন্যদিকে বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহেও বিঘ্ন ঘটে। তাই জাতীয় সম্পদ রক্ষা এবং গ্যাসের অপচয় ও চুরি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপব্যবস্থাপক মো. রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা, গ্যাস চুরি রোধ এবং সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।