গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে আমরা বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ, ন্যায্য এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিপ্লবের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংবিধান এবং রাষ্ট্রকাঠামোর সংস্কার করতে হবে। কিন্তু সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে তা সংশোধন করতে চায়। স্বাধীনতা-পরবর্তী প্রতিটি সরকার সংবিধান সংশোধন করেছে, কিন্তু এতে জনগণের কোনো লাভ হয়নি। সরকার সব সময় নিজের প্রয়োজনে সংবিধান সংশোধন করে থাকে। অতীতের মতোই বর্তমান সরকারও নিজের স্বার্থে সংবিধান সংশোধন করতে চাইছে, কিন্তু জনগণের স্বার্থে সংবিধান সংস্কার করতে চাইছে না। কারণ সংবিধান সংস্কার করা হলে সরকার আর দলীয়করণ করতে পারবে না।”

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি আরও বলেন, “২০২৫ সালের ১৩ নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই অর্ডারে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও বিএনপি একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ দাবি করছে! অথচ জাতীয় নির্বাচন বৈধ হলে গণভোট অবৈধ হতে পারে না।” জনগণকে বিভ্রান্ত না করে গণভোটের গণরায় মেনে নিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কদমতলী থানার আমীর ও মহানগরীর মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওশাদ আলম ফারুক, শ্যামপুর থানা আমীর মাওলানা জাকির হুসাইন, কদমতলী পূর্ব থানা আমীর প্রকৌশলী জসিম উদ্দিন ও কদমতলী উত্তর থানা আমীর মাওলানা জুনায়েদসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।